এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কার্যালয় অবস্থিত এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান ও বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং বিএনপির মিছিলে অতর্কিত হামলার মামলা সহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তিনি দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুইবার নির্বাচিত হন। সর্বশেষ ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তিনি চেয়ারম্যানের দায়িত্ব হারান।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর হোসেন কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।