নজরুল ইসলাম, গাজীপুর :
গাজীপুর-এর জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের এক চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির নিরাপত্তা প্রহরী মোছলেমউদ্দিন (৫৮) আহত হয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব নয়নপুর এলাকায় ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে প্রায় দুই বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মোছলেমউদ্দিন। এলাকায় পূর্বের বিরোধ ও মামলা-মোকদ্দমার জেরে চেয়ারম্যান ও তাঁর পরিবারের সঙ্গে কয়েকজনের শত্রুতা চলছিল।
গত ২৭ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহান শেখ, রনি, আবিক, হারুন, মনির হোসেন, শাকিল ও রায়হানসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চেয়ারম্যানের বাড়ির গেটে এসে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা গেট ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রহরী মোছলেমউদ্দিন বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। পরে তারা বাড়ির ভেতরে ঢুকে আরও ভাঙচুর ও হুমকি দিয়ে চেয়ারম্যান ও তাঁর ছেলেদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত প্রহরী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে রাজেন্দ্রপুর রেলগেট এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মারধর করে ছেড়ে দেওয়ার পর তার সহযোগীরা পাল্টা হামলা চালায়। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।