গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা মিনারপাড়া এলাকায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার সকালে শিরিরচালা এলাকার স্থানীয় বিএনপির কার্যালয়ে "এলাকাবাসীর ব্যানারে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়ত। এ সমস্যা সমাধানে এলাকাবাসীর উদ্যোগে এবং একটি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়।
তারা অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ফখরুল সরকারের নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে ফখরুল সরকার বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সবার সহযোগিতায় ড্রেন নির্মাণ করা হয়েছে। তবে কাজ শেষ হওয়ার পরপরই ভারী বর্ষণ শুরু হওয়ায় রাস্তা সংস্কারে বিলম্ব হয়েছে। তিনি দাবি করেন, সংগৃহীত অর্থের চেয়ে বেশি ব্যয় হয়েছে এবং পরবর্তীতে তিনি ব্যক্তিগত অর্থায়নে রাস্তার কিছু অংশ সংস্কার করেছেন। স্থায়ীভাবে সিসি ঢালাইয়ের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছেও আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করলেও এখন তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মতো ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসীও দাবি করেন, পানি নিষ্কাশনের স্বার্থে তাদের অনুরোধেই ড্রেন নির্মাণ করা হয়েছে। রাস্তা সংস্কারে কিছুটা সময় লাগলেও সেটিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে।
তবে এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি এমদাদ হোসেন বলেন, ড্রেন নির্মাণের পর দীর্ঘ সময় রাস্তা সংস্কার না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও দ্রুত সমাধান না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে তারা প্রতিবাদ করেছিলেন।