
চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্রীদের এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪২ জন এবং অষ্টম শ্রেণির ৬৮ জন—মোট ১১০ জন কৃতি ছাত্রীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আগামী দিনের বাংলাদেশকে পরিচালনা করতে হবে আজকের এই শিক্ষার্থীদেরই। তাই এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ধর্মীয় চর্চায় মনোযোগী হওয়ার পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা চর্চার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়টির সঙ্গে নিজের আবেগ ও গভীর ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর পাঁচ বোন এই বিদ্যালয় থেকেই লেখাপড়া করেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর পারিবারিক আবেগ ও ভালোলাগা জড়িয়ে আছে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়কে দেশের এক নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে হবে। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তা দ্রুত সমাধানেরও প্রতিশ্রুতি দেন তিনি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের প্রশংসা করে তিনি বলেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।