নওগাঁর পোরশায় ‘শক্তিশালী পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন শাহ্ সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সহ-সভাপতি ইব্রাহিম হোসেন।প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে চিহ্নিত করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এর মাধ্যমে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল উপযুক্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।