নানা কর্মসূচি, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটুসহ স্থানীয় বিএনপির নেতারা। এ সময় উপজেলা যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকট ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনটি ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও বলেন, আগামী দিনেও দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।