নারায়ণগঞ্জ প্রতিনিধি:
মোঃ আরিফুল ইসলাম (আরিফ)
বাংলাদেশ আওয়ামী লী গের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও অপপ্রচার প্রতিরোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মিছিলে তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নাসির উদ্দিন, তারাবো বিএনপির নেতৃবৃন্দ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনিরসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক কর্মকাণ্ড শালীনতা ও দায়িত্বশীলতার মধ্যে পরিচালিত হওয়া উচিত। তারা রাজনৈতিক অপপ্রচার, অসহিষ্ণুতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং সুস্থ রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে। তাই যেকোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা, উসকানিমূলক কর্মকাণ্ড ও জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল তারাবো পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতৃবৃন্দ দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।