মাটি মামুন রংপুর :
রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন নামে এক হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯ টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হোটেলের মালিকের ছেলে মিজানুর রহমান মনুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কর্মচারী শাওনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্ত মনু উত্তেজিত হয়ে শাওনের মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় শাওন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযানে নামে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু হাতুড়ি দিয়ে আঘাত করে শাওনকে হত্যার কথা স্বীকার করেছে।পুলিশ আরও জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তুচ্ছ ঘটনায় এমন হত্যাকাণ্ডের খবরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।