তজুমদ্দিন উপজেলার সকল ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন “ইত্তেফাকুল উলামা তজুমদ্দিন”-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন ২০২৬, বুধবার, সকাল ১১টায় তজুমদ্দিন মারকাজ মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সমাজে দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক ঐক্য প্রতিষ্ঠায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আনাছ আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তজুমদ্দিনের জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহউদ্দীন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুফতি জোনায়েদ আল মাদানী।

সভায় জানানো হয়, “ইত্তেফাকুল উলামা তজুমদ্দিন” কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং এটি দ্বীনের খেদমত, আলেম সমাজের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সংগঠন।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে— তজুমদ্দিন উপজেলার সকল আলেম-উলামাকে ঐক্যবদ্ধ করা, কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা প্রচার করা, ইসলামের সঠিক আকীদা ও আদর্শ মানুষের মাঝে তুলে ধরা, যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়-ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

সভায় সংগঠনের নীতিমালা উপস্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়, সংগঠনটি পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত হবে, শূরা বা পরামর্শের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সংগঠনের সকল কার্যক্রম হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন মারকাজ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ঈসা, বাইতুল আমান মডেল মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ, দক্ষিণ খাসের হাট মারকাযুল উলূম হামিদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সায়েম, তজুমদ্দিন মাছুমা খানম মডেল মাদ্রাসার মুহতামিম মাওলানা সামছুদ্দিন, তজুমদ্দিন মধ্য বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহসিনসহ তজুমদ্দিন উপজেলার ওলামায়ে কেরামগণ।

উপস্থিত ওলামায়ে কেরাম সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দ্বীনের খেদমতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।