হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। এরই ধারাবাহিকতায় লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ শাখার উদ্যোগে দক্ষিণ-পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৫০টি ফলদ আমগাছের চারা বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজচরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল চৌধুরী, কোডেকের এরিয়া ম্যানেজার মাহবুব আলম, তোরাবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সাহীদ হোসেন এবং দক্ষিণ-পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ফলই দেয় না, বরং বিশুদ্ধ অক্সিজেন, ছায়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
পরে অতিথিরা বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ আমগাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কোডেকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিজ নিজ বাড়িতে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। আয়োজক প্রতিষ্ঠান কোডেক জানিয়েছে, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।