গাজীপুর‎ প্রতিনিধি:-
সাংবাদিক আব্দুল আজিজ এর ওপর হামলার প্রতিবাদ এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার সহ তার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় ও বেলা ১২ টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাস স্ট্যান্ড  এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব ও গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পৃথক দুটি ব্যানারে ভিন্ন সময়ে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন,প্রচার সম্পাদক মিলন শেখ, সহ-সভাপতি মাহবুব হোসেন,সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লাভলু মিয়া,আমিনুল ইসলাম, হুমায়ুন কবির,আবু জাফর,রতন হোসেন,মোসলেউদ্দিন খান বাবুল, শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
‎অপরদিকে গাজীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনে অংশ নেন, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম, আলমগীর ইসলাম, এস এম জহিরুল ইসলাম,  ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক,
‎
‎এছাড়াও  বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান রাসেলের দলীয় পদ থেকে বহিষ্কার সহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎একই সঙ্গে বনভূমি জবরদখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
‎বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন।
‎