মোঃ আসাদুজ্জামান (ভুট্টু) বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় ১২ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলে জানা গেছে।

এই ঘটনার পর উত্তেজিত জনতা ও সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তের সাথে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত জামায়াত নেতা বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। একপর্যায়ে তারা অভিযুক্তের মালিকানাধীন বা তাঁর সাথে সংশ্লিষ্ট স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালায়।

সেখানে ব্যাপক ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।