পটুয়াখালীর বাউফলে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাস এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

​রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আটক জেলেদের হাজির করা হলে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।

​এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের আটক করা হয়।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫), ফিরোজ হাওলাদার (৫০), কবির খন্দকার (৪০), ইলিয়াস ফকির (২৬), সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম।
​সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ