আজ বুধবার ১৪ অক্টোবর ১০/২০২৬ তারিখ
স্থান: এলহামপাড়া, ভাদুঘর, সদর, ব্রাহ্মণবাড়িয়া
সময়: দুপুর ১২.০০ টা
​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।
​অভিযানে দেখা যায়, ভাদুঘর এলাকার এলহাম পাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে (প্রো: আলী আজগর) পচা ডিম দিয়ে বেকারি খাদ্য প্রস্তুত করা হচ্ছে। অভিযান চলাকালীন সময়ে বেকারিটিতে পচা ডিম ব্যবহাররত অবস্থায় দেখা যায়। এ সময় জানা যায়, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করত। অভিযানে বেকারি মালিক বিষয়টি সত্যতা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন।
​এ অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়।
​জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
​ধন্যবাদ
ইফতেখারুল আলম রিজভী
সহকারী পরিচালক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।