ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুইতা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মামলার বাদী দুলাল জানান, তিনি মাসুদুর রহমান, ফরিদ, মাহফুজুর রহমান ও নাজিমের বিরুদ্ধে ভোলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর এমপি ৩৫০/২০২৬।
মামলার বিবরণ অনুযায়ী, আদালতে হাজির হওয়ার পর আসামিরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী দুলাল অভিযোগ করে বলেন, “মাসুদুর রহমান ও তাঁর সহযোগীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।” তিনি এ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।