শেষ হয়েছে মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ২ লাখ ৯৮ হাজার মিটার অবৈধ জাল, ২২৮ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার ১০টি নৌকা। এ ছাড়া ২৫টি মামলা, ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন এ অভিযান পরিচালিত হয়। মতলব উত্তরের ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত মেঘনা নদীর প্রায় ২২ কিলোমিটার এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত ছিল। নদীতে অবৈধভাবে মাছ শিকার, নিষিদ্ধ জালের ব্যবহার ও ইলিশ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, ইলিশ মাছ ও নৌকা জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ ভবিষ্যতেও তৎপর থাকবে।মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। ইলিশ সম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।