আবুল বাশার, ভোলা প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীতের সুরলহরীর সাথে জাতীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান।

কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউট, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। মনোজ্ঞ এই কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ দলগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে, বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।