ঢাকাThursday , 13 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে দুই আইনজীবীর ওপর হামলা, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

১৫৯

নজরুল ইসলাম, গাজীপুর:
গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভুক্তভোগী ও তাঁদের সহকর্মীরা।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৯ আগস্ট বিকেল ৬টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জজ কোর্টের সামনের সড়কে দুই আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও হেলমেট দিয়ে হত্যার উদ্দেশ্যে এজিপি অ্যাডভোকেট রুহুল আমিনের মাথা ও চোখ লক্ষ্য করে আঘাত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে অ্যাডভোকেট মাহীন হাসান শুভও আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে রুহুল আমিনের চোখ লক্ষ্য করে আঘাত করলে তা তাঁর কানে লাগে। পরে হামলাকারীরা হেলমেট দিয়ে তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে হেলমেটটি ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
হামলার খবর পেয়ে স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে গিয়ে কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরে আহত দুই আইনজীবীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, মামলা বা লিখিত অভিযোগ দায়েরের আগেই আটক ব্যক্তিদের অজ্ঞাত কারণে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসা শেষে বৃহস্পতিবার অ্যাডভোকেট রুহুল আমিন বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নম্বর ১০২১/২০২৬ দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আইনজীবীরা অভিযোগ করেন, মামলা দায়েরের পর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী আইনজীবীদের জীবননাশের হুমকি দিচ্ছে। ফলে তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
সংবাদ সম্মেলন থেকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করে আসামিদের গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার দাবি জানানো হয়। একই সঙ্গে বাদী ও ভুক্তভোগী আইনজীবীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা আশা করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এজিপি অ্যাডভোকেট রুহুল আমিন ছাড়াও গাজীপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট মোজাম্মেল, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আল আমিন ইসলাম আশিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট ওলিউল ইসলাম টুটুল ও অ্যাডভোকেট আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।