নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনকে ঘিরে একটি মহলের অপপ্রচার ও বিরোধিতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রূপগঞ্জে মাদক ব্যবসা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি এসআই নাজিম উদ্দিনের কার্যক্রমে বাধাগ্রস্ত হয়ে তার বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন। এমনকি অর্থের বিনিময়ে কিছু লোককে ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনে কঠোর অবস্থানের কারণে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কাছে এসআই নাজিম উদ্দিন বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। ফলে তাকে বিতর্কিত করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করছেন।
তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখা এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি বা মহলের বিরুদ্ধে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার না চালিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে বিষয়গুলো মূল্যায়নের আহ্বান জানিয়েছেন তারা।
রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশে থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।


