মোঃ আসাদুজ্জামান ভুট্টো, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত।
রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৩ ঘটিকার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক সড়কের ছোট যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে পোস্ট অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ছয় চাকার ট্রাক ছোট যমুনা সেতুর পশ্চিম পাশে পৌঁছালে ডাকবাংলা থেকে থানা রোড বাইপাস সড়ক হয়ে একটি মোটরসাইকেল মূল সড়কে ওঠার সময় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মোটরসাইকেলের পেছনে বসা আরোহী পাশ্ববর্তী মহাদেবপুর উপজেলার মৃত নাজির উদ্দিন সরকারের স্ত্রী শামসুন্নাহার (৭৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা -নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় তিনি ট্রাকের নিচে পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা যায়। দুর্ঘটনার পরপরই বদলগাছী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটনা ঘটেছে, দুর্ঘটনা স্থান থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থলেই ট্রাক চালক পালিয়ে গেছে, এ বিষয়ে থানায় আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।


