ভোলার বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ, ‘নতুন কুঁড়ি’ এবং ‘প্রধানমন্ত্রী ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনোরঞ্জন বর্মন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম।
সভায় বক্তারা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় উপজেলার সর্বত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার নির্দেশ দেন। এছাড়া, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল দিবসটি যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের সাংস্কৃতিক মেধা বিকাশে ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ‘প্রাইম মিনিস্টার ফুটবল প্রতিযোগিতা’ সফলভাবে বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হয়। দিকনির্দেশনামূলক সভায় উপজেলার স্থানীয় সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছানো এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে স্কুল-কলেজ,মাদ্রাসা গুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়ে প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশাসন ও শিক্ষকদের এই সমন্বিত উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষা, সুস্থ সংস্কৃতি চর্চা এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


