হাবিবুর রহমান লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইয়াবা, গাঁজা, চুরি ও ডাকাতির বিরুদ্ধে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ, যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব অপরাধের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দ্রুত এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শুধু প্রশাসনের একার পক্ষে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) মো. সোলাইমান তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এই এলাকায় চুরি-ডাকাতি করে এবং ইয়াবা ও গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত, তারা দ্রুত এসব অপকর্ম পরিত্যাগ করে ভালো হয়ে যান অথবা এলাকা ছেড়ে চলে যান। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করবেন। মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।
সভা শেষে উপস্থিত জনসাধারণ মাদক, চুরি ও ডাকাতিমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


