কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
বদলগাছী চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু,সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


