নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রির পথরোধ করে মারধর, মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীকে ফাঁদে ফেলে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন হুমায়ন কবির। পথে চারা গাছ কেনার জন্য তিনি মথুরাপুরের জাবারীপুর হাটে যান। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন কথার ছলে তাঁকে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন।
অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে প্রতারণার কৌশলে ভুক্তভোগীকে ফাঁদে ফেলা হয়। একপর্যায়ে তাঁকে রাস্তার পাশে নিয়ে মারধর করে মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে টাকা দেওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে বাজারে গিয়ে চিৎকার শুরু করেন হুমায়ন কবির। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, “পাহাড়পুর থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কিনতে জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। তাঁরা আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন। হাত-পায়েও অনেক মারধর করা হয়েছে। কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসি। তাঁদের সঙ্গে আরও ছয়-সাতজন ছিলেন।”
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।


