ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা এসব মাদক দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।
বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি বিশেষ দল উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্থান থেকে ছয়টি পাটের বস্তা ও দুটি সিনথেটিক বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৪০টি পোটলা জব্দ করা হয়, যার প্রতিটিতে তিন কেজি করে মোট ১২০ কেজি গাঁজা ছিল।
অধিদপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা গাঁজা বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় কৌশলে লুকিয়ে রাখা হতো। পরে রাতের অন্ধকারে সুবিধাজনক সময়ে তা দেশের বিভিন্ন জেলায় পাচার করা হতো।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় কসবা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে অধিদপ্তর। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


