মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও ভরাটের কাজ চলছে। এতে একের পর এক ফসলি জমি হারিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও সচেতন মহলের মতে, এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।
রবিবার (১৩ই সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মির্জানগর ট্রেনিং সেন্টার এর সাথে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভরাট করা হচ্ছে ফসলি জমি।
স্থানীয় সূত্রে জানা যায়, আউটশাহী ইউনিয়নের মিলন হোসেন নামের এক ব্যক্তি খালপাড়ে ড্রেজার বসিয়ে তা দিয়ে অবৈধ বালু এনে ফসলি জমি ভরাট করছেন। জমি ভরাটের পর প্লট আকারে বিক্রি করাই মূল উদ্দেশ্য বলে অভিযোগ স্থানীয়দের।
এছাড়া রাতদিন ড্রেজার চালানোর কারণে বিকট শব্দে এলাকাবাসীর জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, শিশু-বৃদ্ধ থেকে শুরু করে শিক্ষার্থীরাও পড়াশোনা ও বিশ্রামে মারাত্মক ভোগান্তিতে পড়ছে।
অবৈধ ড্রেজার মালিক মিলন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো অনুমতি নেওয়া হয়নি।
তাহলে কিভাবে ড্রেজারটি চালাচ্ছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কোনো অনুমতি লাগে না।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, আমি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।


